চাঁদপুরের কচুয়ায় রান্না করা মাংসে ইয়াবা বড়ি বিদেশে পাচারকালে রিপন (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ বলেন, ‘উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামের রুহুল আমিনের ছেলে মাদক ব্যবসায়ী রিপন অভিনব কায়দায় ইয়াবা পাচার করার চেষ্টা করছিল। সে রান্না করা মাংসের হাড়ের ভেতর ইয়াবা ঢুকিয়ে টিফিন বক্সে করে একই উপজেলার উজানী গ্রামের এক বিদেশগামী লোকের মাধ্যমে পাচারের চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ রাসেল ও আমি সঙ্গীয় ফোর্স নিয়ে উজানী গ্রাম থেকে রিপনকে বিদেশে পাচারের জন্য মাংসের মধ্যে থাকা ইয়াবাসহ গ্রেপ্তার করি। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
