স্বদেশি আন্দোলনের অন্যতম গতি সঞ্চালক, বাংলা গানের অমর পঞ্চকবির অন্যতম কবি, ‘কান্তকবি’ বলে খ্যাত রজনীকান্ত সেনের ১৫৪তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৮৬৫ সালের ২৬ জুলাই জন্ম নেন বৃহত্তর পাবনা জেলার সেন ভাঙাবাড়ি গ্রামে। বর্তমানে তা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অংশ। সেখানে কবির ১৫৪তম জন্মবার্ষিকীতে আজ শুক্রবার রজনীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রজনী সংসদ ও পাঠাগার। লন্ডনে বসবাসরত কবি পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরা প্রথমবারের মতো এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
কালের প্রবাহে নিজ গ্রামে কবির পৈতৃক ভিটেমাটি বেদখল। নতুন প্রজন্মের কাছে বিস্মৃতপ্রায়, স্বদেশি আন্দোলনে অবদান রাখা এ কবির স্মৃতি ধরে রাখতে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের দাবি স্থানীয়দের।
১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধিতায় গড়ে ওঠা স্বদেশি আন্দোলনে গতি সঞ্চার করে ‘মায়ের দেয়া মোটা কাপড়/ মাথায় তুলে নে রে ভাই/, দীন দুঃখিনী মা যে তোদের/ তার বেশি আর সাধ্য নাই’ তার রচিত এ গানটি। ভারতবর্ষের আনাচে-কানাচে তুমুল জনপ্রিয়তা পায় এবং আন্দোলনে প্রভাব বিস্তার করে।
