ওষুধ কেনায় দুর্নীতি আর অদক্ষতা ঢাকতেই ডেঙ্গুর প্রাদুর্ভাবের খবরকে মেয়র ‘গুজব’ বলছেন বলে মন্তব্য করছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের বক্তব্যের সমালোচনা করে তিনি এ কথা বলেন।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে যুব মৈত্রীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ যুব মৈত্রীর ডেঙ্গুবিরোধী জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যুর হারকে পাশের দেশগুলোর সঙ্গে তুলনা করেছেন। মনে হয়, দেশের মানুষের মৃত্যু তার কাছে কিছু নয়। আবার স্থানীয় সরকারমন্ত্রী মশার ওষুধের কার্যকারিতা নিয়ে সাফাই গেয়েছেন। অথচ সেতুমন্ত্রী-অর্থমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ডেঙ্গু-বন্যা মোকাবিলায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছে। তারপরও গবুচন্দ্র এই মেয়র-মন্ত্রীদের জন্যই মশক-নিধন ডেঙ্গু নিয়ে এই লেজেগোবরে অবস্থা।’
ডেঙ্গু নিয়ে মানুষের ত্রাহি অবস্থায় তাদের পাশে দাঁড়ানো যুব সমাজের কর্তব্য উল্লেখ করে তিনি বলেন, এদেশের অতীত ইতিহাসে বন্যা, কলেরা মহামারি, দুর্ভিক্ষাবস্থায় যুবক রাজনৈতিক কর্মীরাই তাদের পাশে দাঁড়িয়েছে। যারা ‘বঙ্গবন্ধু’ বলতে অজ্ঞান হয়ে পড়ছেন, তারা বঙ্গবন্ধুর জীবন থেকে এ শিক্ষা নিলে দেশের মানুষের উপকার হবে।
যুব মৈত্রীর সহসভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে আরও সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী, সহসভাপতি আব্দুল আহাদ মিনার, তাপস দাস প্রমুখ।
