পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানিয়েছেন, জেলার গোদাগাড়ী, তানোর, বাগমারা ও চারঘাট উপজেলায় ছেলেধরা সন্দেহে স্থানীয়দের হাতে আটক ১২ জনের কেউই ছেলেধরা নয়। তাদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন, দুজন প্রতিবন্ধী ও পাঁচজন প্রতারক।
গতকাল শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ে ছেলেধরা গুজব আতঙ্ক প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একশ্রেণির মানুষ এই গুজব ছড়াচ্ছে। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। মো. শহিদুল্লাহ জানান, সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহামুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম ও সহকারী পুলিশ সুপার (ডিএসবি) রুবেল আহমেদ।
