ভারী অস্ত্রসহ এক ছাত্রলীগ কর্মীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে নিজেই ছবিটি
পোস্ট করেন। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ ছড়ারকুলের আরিফুল ইসলাম বাবুর ছেলে।
গত ২৫ জুলাই রাত ১০টার দিকে হাতে একটি ভারী অস্ত্র নিয়ে সামনের দিকে তাক করে থাকা অবস্থার একটি ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেন সাইফুল। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘সাবধান ডাইরেক্ট অ্যাকশন হবে’ । পরে বিতর্কের মুখে ফেসবুকে দেওয়া ক্যাপশন বদলে দেয়। এ নিয়ে পুরো চকরিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ জুলাই ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় ফলাফল প্রকাশের পর ট্রাক নিয়ে বিজয় মিছিল করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকরা। ৫ টি ট্রাক ও ৩০টি মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিলে ভারী অস্ত্র হাতে ছবি তুলে ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম। পরে রাত ৯টা ৪৯মিনিটে ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে যায়।
বক্তব্য নিতে ভারী অস্ত্র হাতে ফেসবুকে পোস্ট দেয়া অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ হয়। সংযোগ বিচ্ছিন্ন থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘অস্ত্র হাতে ফেসবুকে পোস্ট করা ছবিটি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
