অজ্ঞান পার্টির খপ্পর থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজের মাধ্যমে সংস্থাটি এ পরামর্শ দেয়।
ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানান, একটু সতর্ক হলেই অজ্ঞান পার্টির খপ্পর থেকে নিজেকে ও মূলবান সম্পদ বাঁচানো সম্ভব। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এ চক্র বেশ তৎপর।
এদের থেকে বাঁচতে ডিএমপির পরামর্শগুলোর মধ্যে রয়েছে যানবাহনে অযাচিতভাবে অপরিচিত কেউ অহেতুক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে তাকে পাত্তা না দেওয়া। পাশের সিটের যাত্রী সখ্য গড়ে তুলতে চাইবে এবং একসময় নিজের থেকে খাবার (কেক, চিপস, কোমল পানীয়, বিস্কুট, পেয়ারা বা আনারস ইত্যাদি) কিনে সে-ও খাবে আপনাকেও খেতে বলবে। ভুলেও ওই সব খাবার খাওয়া যাবে না। ফুটপাতে বা রাস্তার মোড়ে টং দোকান থেকে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছে ডিএমপি। বাসে, ট্রেনে বা লঞ্চে ফেরিওয়ালা বা ভ্রাম্যমাণ হকারের কাছ থেকে আচার, আমড়া, শসা, পেয়ারা, লজেন্স বা চকলেট, আইসক্রিম, সিগারেটজাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। ডাবের ভেতরে আগে থেকেই সিরিঞ্জের মাধ্যমে চেতনানাশক ওষুধ মেশানো থাকতে পারে। এসব খাবারের বিষয়ে সাবধান থাকতে হবে। যাত্রাপথে প্রয়োজনে হালকা নাশতার জন্য বাড়ি থেকে খাবার বা পানীয় সঙ্গে রাখা অথবা স্থায়ী দোকান থেকে খাদ্যদ্রব্য কিনতে হবে। সিএনজি অটোরিকশায় চলার সময় যাত্রীরা চালকদের থেকে এবং চালকরা যাত্রীদের থেকে কোনো খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। এ ছাড়া কারও আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ পুলিশকে অবহিত করা অথবা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা নিতে পরামর্শ দিয়েছে ডিএমপি।
