আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলার আমুডিয়া গ্রামে গতকাল শনিবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ৮-১০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি করে। সংঘর্ষস্থল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আমুডিয়া গ্রামের টিপু মিয়া ও সাহাদৎ বিশ্বাসের নেতৃত্বে দুই দল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত শুক্রবার রাতে শাহাদৎ বিশ্বাসের সমর্থক মশিয়ার তার লোকজন নিয়ে মঞ্জুর নামে টিপু মিয়ার এক সমর্থককে কুপিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি নিক্ষেপ করেছে।
