লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে অন্যরকম উজ্জীবিত ছিল শ্রীলঙ্কা। সেই উজ্জীবনী শক্তিতে তারা সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছে দারুণভাবে। ৯১ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। ছন্দ ধরে রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিতে নেওয়ার লক্ষ্য লঙ্কানদের। আর এখানেই বাধা হতে চায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফেরার জোর আওয়াজ তুললেন অধিনায়ক তামিম ইকবাল ও কোচ খালেদ মাহমুদ সুজন।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে দল দুটি। যে করেই হোক ম্যাচটি জিততে হবে বাংলাদেশের। অন্যথায় হতাশাজনক বিশ্বকাপের পর আরও একটি হতাশায় পুড়তে হবে তাদের।
শুক্রবার প্রথম ম্যাচজুড়ে এই সিরিজে প্রতিদ্বন্দ্বীতার চেয়েও মালিঙ্গার বিদায়ী আমেজ ছিল বেশি। যা এখন নেই। প্রথম ম্যাচের শুরুর দিকের হতাশাজনক বোলিং, বাজে ফিল্ডিং বা ব্যাটিংয়ে সাকিব আল হাসানের অনুপস্থিতিই প্রকাশ পায় দলের খেলায়। তবুও দ্বিতীয় ওয়ানডের আগে ঐচ্ছিক অনুশীলন রাখা হয়। যোগ দিয়েছিলেন অধিনায়ক তামিম।
সংবাদমাধ্যমকে অন্তর্বর্তী কোচ খালেদ মাহমুদ জানান, “আজ আমাদের অনুশীলন হয়নি। ছেলেরা বিশ্রামে ছিল। গত রাতে (শুক্রবার) ম্যাচ শেষ করে টিম হোটেলে ফিরতে রাত দেড়টা বেজেছে। আজ (শনিবার) আবার সকাল ১০টা থেকে অনুশীলন করাটা তাই কঠিন ছিল। এছাড়া এখানে খুব গরম পড়ছে। ক্লান্তির দিকটা চিন্তা করে আমরা অনুশীলন করিনি। যারা পেরেছে এসেছে। বিশেষ করে তামিম এসেছে। ওর জন্যই কোচিং টিমের আসা। সে ফর্মে ফেরার জন্য খুব পরিশ্রম করছে।”
আনুষ্ঠানিক নেতৃত্বের অভিষেকটা ভালো হয়নি তামিমের। ম্যাচ শেষে তিন ডিপার্টমেন্টের ব্যর্থতা উল্লেখ করেছেন তিনি। বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টের দিকে তার অভিযোগ ছিল বেশি। অবশ্য লঙ্কান ইনিংসে শুরুর বেহিসেবি রান দেওয়ার হতাশা কাটিয়ে শেষ দিকে দারুণভাবে ফিরেছিল বাংলাদেশ বোলাররা। আর তাই আকাশচুম্বী হয়নি শ্রীলঙ্কার ইনিংস। তবে ৩১৪ রানই তো টপকাতে পারেনি ব্যাটসম্যানরা। ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই জ্বলে ওঠার কথা বললেন তামিম, “আমাদের রি-গ্রুপ হতে হবে। এখনই দুই ম্যাচ আছে। এই দলের ওপর আমার বিশ্বাস আছে। অবশ্যই প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে আমরা সিরিজে ফিরব। আমরা এখনো শিরোপার প্রতিযোগিতায় আছি। শুধু দায়িত্ব নিয়ে খেলতে হবে।”
শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে নিকট অতীতে সাফল্য আছে বাংলাদেশের। যে কারণে সিরিজে ফেরার ব্যাপারে তামিমের মতোই সুর কোচ সুজনের, “ম্যাচ হারলে কোনো দলেরই ভালো লাগে না। দলের কারোরই ভালো লাগেনি। আমাদের সুযোগ আছে সিরিজে ফেরার। আমরা আগামীকালের (আজ) ম্যাচে নজর দিচ্ছি। কীভাবে এই সিরিজে কামব্যাক করতে পারি তা নিয়ে কাজ করছি। আমাদের সামর্থ্য না থাকলে উত্তরটা ভিন্ন হতো। কিন্তু আমাদের সিরিজে ফেরার সামর্থ্য আছে। গতকালই (প্রথম ম্যাচে) আমরা আরও ভালো করতে পারতাম। দেখা যাক, অবশ্যই সিরিজে ফিরব ইনশাআল্লাহ।”
সিরিজের প্রথম ম্যাচে একাদশের সবাই ভালো করতে পারেননি। তাই বলে পরের ম্যাচেই দলে একাধিক বদল আনবেন, এরকম কিছু ভাবছেন না মাহমুদ, “প্রথম ম্যাচে আমরা সেরা দলটাকেই খেলিয়েছি। ওরা আরেকটু দায়িত্ব নিয়ে খেললে পরিবর্তনের কথা আসত না। আমি বিশ্বাস করি অতিমাত্রায় বদল ভালো হয় না। কখনো কখনো এটা কাজ করে দেয় কিন্তু সবসময় একটা পরিকল্পনায় স্থির থাকা ভালো। এছাড়া আমরা এখনো দলের পরিবর্তন নিয়ে আলোচনা করিনি। আজ বা কাল ম্যাচের আগে দেখব বিষয়টা। কিন্তু আগেও যেটা বললাম, সেরা কম্বিনেশন নামিয়েছি এখান থেকে খুব পরিবর্তন করা ঠিক হবে না।”
