যুক্তরাষ্ট্র ছাড়ার মুহূর্তে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনি গ্রেপ্তার

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৯:৫৮ এএম

যুক্তরাষ্ট্র ছাড়ার আগমুহূর্তে বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ দেলোয়ার হোসেন নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

আফগানিস্তানে গিয়ে তালেবানে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে দ্য হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এফবিআই কাউন্টার টেররিজমের সহকারী পরিচালক মাইকেল ম্যাকগ্যারিটি দাবি করেন, নিউইয়র্ক থেকে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ২৬ জুলাইয়ের একটি বিমান টিকিট কেনেন দেলোয়ার। বিমানের ওঠার সময়ই তাকে গ্রেপ্তার করা হয়।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে গিয়ে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের হত্যার পরিকল্পনা করেছিলেন দেলোয়ার।

নিউইয়র্কভিত্তিক টেলিভিশন চ্যানেল ডব্লিউপিআইএক্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নাগরিক দেলোয়ার জন্ম বাংলাদেশে।

দেলোয়ারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের দিনও ম্যানহাটনের একটি আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত