বিএনপি সত্য উচ্চারণ করে যাবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী প্রশ্ন রেখে বলেছেন, “গত ছয় মাসে শেয়ারবাজার থেকে ৪৩ হাজার কোটি টাকা মূলধন উধাও নিয়ে কথা বলাও কি গুজব?”
রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটা গুজবের ফ্যাক্টরি’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, “সেতুমন্ত্রীর ভাষায় দুর্নীতির উন্নয়নের পালকি এগিয়ে যাওয়ার কথাই কি শুধু বলতে হবে?”
তিনি বলেন, “গণতন্ত্রের পক্ষে কথা বলা, জনগণের দুঃখ-দুর্দশা জাতির সামনে তুলে ধরা, সরকারের লুটপাট নিয়ে কথা বলা, শেয়ারবাজার ও ব্যাংক লুটের কথা বলা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে কথা বলাই কি গুজব?”
বিএনপির এই মুখপাত্র প্রশ্ন রেখে বলেন, “গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেশে আইয়ুব খান মডেলের উন্নয়নেরই জয়গানই কি গাইতে হবে? মনে হয় তাহলেই সেতুমন্ত্রী খুশি থাকবেন। কিন্তু শত জুলুমের মুখেও বিএনপি সত্য উচ্চারণ করে যাবে।”
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ উপহাস করছে মন্তব্য করে তিনি বলেন, “শনিবার যখন হুইল চেয়ার থেকে নামিয়ে গাড়িতে তোলা হচ্ছিল, তখন দুজনে ধরেও দেশনেত্রীকে দাঁড় করাতে পারেনি। কষ্টে কাতরাচ্ছিলেন তিনি।”
রিজভী বলেন, “বিএসএমএমইউর পক্ষ থেকে সরকারি বার্তাই জনগণের সামনে তুলে ধরা হয়েছে। বাস্তবে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার উন্নত চিকিৎসার প্রয়োজন; কিন্তু সরকার সেটি অগ্রাহ্য করছে।”
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
