পুরস্কার থেকে মাইকেল জ্যাকসনের নাম সরাবে এমটিভি?

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৩:২৯ পিএম

মৃত্যুর দশ বছর পর মাইকেল জ্যাকসনকে আরেক দফা বিতর্কে ফেলে দিলো প্রামাণ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’। তার জেরে একটি পুরস্কার থেকে এই পপ লিজেন্ডের নাম সরাতে পারে এমটিভি।

জনপ্রিয় সংগীত চ্যানেলটির পুরস্কারের আসরের অন্যতম একটি বিভাগ ‘মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’। চলতি বছর থেকে পুরস্কারটির এই নাম নাও থাকতে পারে।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স জানায়, ভ্যানগার্ড অ্যাওয়ার্ডে মাইকেল জ্যাকসনের নাম থাকা নিয়ে নানা ধরনের মন্তব্য মোকাবিলা করতে হচ্ছে কর্তৃপক্ষকে। নিজেদের ভেতরই নাম বদলের মতামত এসেছে। এ ছাড়া যারা পুরস্কার দেবেন ও গ্রহণ করবেন তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

মাস কয়েক আগে জ্যাকসন পরিবারের আপত্তি সত্ত্বেও এইচবিও দুই পর্বে প্রচার করে বিতর্কিত প্রামাণ্যচিত্রটি। যেখানে পপ গায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের পুরোনো অভিযোগ নিয়ে হাজির হন ওয়াড রবসন ও জেমস সেফচুক।

‘লিভিং নেভারল্যান্ড’ প্রচারের পর এইচবিও’র বিরুদ্ধে ১০ কোটি ডলারের মানহানির মামলা করে জ্যাকসন এস্টেট।

সেই ঘটনা প্রভাব ফেলছে এমটিভির ওই পুরস্কারে। ১৯৮৮ সালে ভ্যানগার্ড অ্যাওয়ার্ড লাভ করেন মাইকেল জ্যাকসন। এর তিন বছর পর তার সম্মানে পুরস্কারটির নতুন নামকরণ হয়। রিয়ান্না, বিয়ন্সে, কেনি ওয়েস্ট, ব্রিটনি স্পিয়ারস, ইউটু ও জেনিফার লোপেজসহ জনপ্রিয় অনেক তারকাই ‘মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন অতীতে। চলতি বছরের আগস্টে বসবে এর পরের আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত