বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার তার প্রশাসনিক প্রভাব খাটিয়ে কারাগারে আবদ্ধ রেখেছে। জনগণ ব্যাপারটা পছন্দ করেনি। তাই তার মুক্তির আন্দোলনে দেশ ও বিদেশের সবারই সমর্থন পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার জেলা বিএনপির উদ্যোগে শেরপুরের চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই সরকার সমালোচনা সহ্য করার সরকার না। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি।
নজরুল ইসলাম খান বলেন, বন্যা ও ডেঙ্গু নিয়ে জনগণের পক্ষে বিএনপি কিছু বললে এই সরকার সহ্য করতে পারে না। আমরা কিছু বললেই তা গুজব বলে রটানো হয়। দেশের সাধারণ মানুষ জানে এসব গুজব নয়। যারা আমাদের সমর্থন করে তারা যা চায়, আমরা তাই করবো। আমরা নিয়ম মেনেই খুব দ্রুত সময়ের মধ্যে দেশ নেত্রীকে মুক্তির আন্দোলনে নামব।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি এজেডএম জাহিদ হোসেন, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
