সংসদে যৌনতার ইঙ্গিত, ক্ষমা চাইতে বাধ্য হলেন আজম খান

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৭:৩৭ পিএম

সংসদে দাঁড়িয়ে যৌন বিষয়ক ইঙ্গিত দিয়ে কথা বলে ক্ষমা চাইতে বাধ্য হলেন ভারতীয় সাংসদ আজম খান। দেশটির গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সমাজবাদী পার্টির এই নেতা ডেপুটি স্পিকার রমা দেবীর কাছে নিঃশর্ত ক্ষমা চান।

রমা দেবী আগেই বলে দেন, ক্ষমা চাইলেও তিনি মেনে নিতে পারবেন না আজম খানকে। এদিন তিনি বলেন, এভাবে খারাপ শব্দ প্রয়োগ করে তিনি নারী-পুরুষ উভয়কেই ছোট করলেন।

একই সঙ্গে রমা দেবীর দাবি, ‘আজম খান কোনোদিনই বোঝেন না এসব। তার অভ্যাসটাই ভালো নয়। আমি কিন্তু সংসদে কারোর মুখ থেকে কোনও বাজে মন্তব্য শুনতে আসিনি।’

গত বৃহস্পতিবার তিন তালাক বন্ধ করার বিল পাস নিয়ে নিজের মত প্রকাশ করেন রমা দেবী। এরপরেই তাকে উদ্দেশ্য করে ওই খারাপ বাক্য ব্যবহার করেন আজম খান।

কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাকে আমার এত ভাল লাগে যে মনে হয়, আপনার চোখে চোখ রেখেই বসে থাকি!’

যদিও আজম খানের দাবি, তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি রমা দেবীকে বোন সম্বোধন করে বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনোদিন কোনও খারাপ মন্তব্য করিনি। কাউকে অসম্মান করিনি। তাহলে আজ কেন আপনাকে এই ধরনের মন্তব্য করতে যাব! কোথাও বুঝতে ভুল হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত