শরীয়তপুরে আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিকদের বিরুদ্ধে একটি সিএনজিচালিত অটোরিকশার বিক্রয়কেন্দ্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। শ্রমিকরা আটটি অটোরিকশা ভেঙে ফেলে। এ ঘটনার ছবি তুলতে গেলে তারা ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি বি এম ইশ্রাফিলের ওপর হামলা চালায়।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের কোর্ট বাজারে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা একটি বাসের গ্লাস ভাঙচুর করে। এর প্রতিবাদ ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বাস শ্রমিকরা তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে। পরে শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপুর হস্তক্ষেপে বেলা তিনটার দিকে বাস চলাচল শুরু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শরীয়তপুর পৌর শহরের ব্যবসায়ী রুবেল খান শহরের কোর্ট বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশা বিক্রয়কেন্দ্র চালু করেছেন। সোমবার দুপুরে ওই বিক্রয়কেন্দ্রটি উদ্বোধনের কথা ছিল স্থানীয় সাংসদ ইকবাল হোসেন অপুর। সিএনজিচালিত অটোরিকশার বিক্রয়কেন্দ্র উদ্বোধন হচ্ছে এমন খবর পেয়ে বাস শ্রমিকরা দুপুর ১২টার দিকে ওই বিক্রয়কেন্দ্রে হামলা চালায়।
