পঞ্চগড়ের তালমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির, যশোরের বেনাপোলের ইছামতী নদী থেকে চোরাকারবারির ও নেত্রকোনার কলমাকান্দার উব্ধাখালী নদী থেকে বাঁশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ও দুপুরে এ তিন লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :
পঞ্চগড় : সদর উপজেলার তালমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি ভারত থেকে ভেসে আসতে পারে। সকালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি এলাকায় তালমা নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ বলেন, লাশটি অর্ধগলিত। বয়স হবে আনুমানিক ৪৫ বছর। গলায় একটি পুঁতির মালা আছে। ধারণা করছি, ভারত থেকে লাশটি ভেসে আসতে পারে।
শার্শা : যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তবর্তী ইছামতী নদী থেকে সকালে ইশারত মুন্সী (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইশারত বেনাপোলের ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি সালেহ মোহাম্মদ মাসুম করিম জানান, সকালে ইছামতী নদীতে লাশ ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়। বিজিবি জানায়, ইশারত পেশায় চোরাকারবারি। রাতে ভারত থেকে মালামাল নিয়ে আসার সময় নদীতে ডুবে তার মৃত্যু হয়।
নেত্রকোনা : কলমাকান্দার উব্ধাখালী নদী থেকে হাশিম খান (৭০) নামে এক বাঁশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর দুইটার দিকে উপজেলার উব্ধাখালী নদীর সন্ধ্যাহালা ধুনন্ধ নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, দুর্গাপুরের পাইকপাড়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে হাশিম গত রবিবার বাঁশের চালান নিয়ে উব্ধাখালী নদীপথে যাওয়ার সময় সন্ধ্যার দিকে পানিতে পড়ে নিখোঁজ ছিলেন।
