সাতক্ষীরায় আলমগীর হোসেন আলম (৩৫) নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন গোবিন্দকাটি গ্রামের ফকির সরদারের ছেলে। তিনি সাতক্ষীরার সংগ্রাম পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গোবিন্দকাটির একটি পাটক্ষেত থেকে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে। তার গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় ফাঁস দেওয়া ছিল। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযানে নেমেছে বলে ওসি জানান।
