ভারতের পেট্রাপোল বন্দরের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দু-দেশের বন্দর বন্ধ রয়েছে ।
ট্রাক ও ট্রান্সপোর্ট মালিক সমিতির অভিযোগ বেনাপোল স্থলবন্দরে কর্মরত নাইট গার্ড, হ্যান্ডেলিং শ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী কর্তৃক বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের নিকট হতে অতিরিক্ত বকশিশ আদায়ের নামে তাদের হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।
প্রতিবাদে ও এর প্রতিকারের দাবিতে স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে । তবে বন্দরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচলও রয়েছে স্বাভাবিক। শতশত পণ্য বোঝাই ট্রাক আটকে আছে ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে।
ভারতীয় ট্রাক ড্রাইভার প্রদীপ বলেন, আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল বন্দরে বিভিন্ন সংগঠনের কাছে নানান ভাবে হয়রানি হতে হয় তারা বকশিশ এর নামে জোর করে টাকা আদায় করে। এ সব সমস্যা সমাধান না হলে কোন পণ্যবাহি ট্রাক বাংলাদেশে যাবে না বলে বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে ।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারতের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে ওপারে দু দেশের বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন দফায় দফায় বৈঠক করছে ধর্মঘট প্রত্যাহারের জন্য। কিন্তু সর্বশেষ বিকেল চারটা পর্যন্ত কোন সমাধান হয়নি।
