শেষটা ভালো করার আশায় তামিম

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৮:৩৯ পিএম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা এক ম্যাচ হাতে থাকতেই হেরে গেছে বাংলাদেশ। তবে বুধবার সিরিজের শেষ ওয়ানডেটা জয় দিয়ে শেষ করতে চায় টাইগাররা। মঙ্গলবার কলম্বোয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বললেন, সিরিজ হারলেও ৩-০ ও ২-১ এর মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে। বাংলাদেশ তাই সিরিজটা ২-১ এ শেষ করতে চায়।

বিশ্বকাপ শেষ হতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকলেও ভালো কিছু করার প্রত্যয় ছিল টাইগারদের। কিন্তু প্রথম ওয়ানডেতে ৯১ রান ও দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের হারই বলে দেয় কোনো প্রতিরোধই গড়তে পারেনি তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।

নিজেদের ব্যর্থতার এই দায় অবশ্য মেনে নিচ্ছেন তামিম, ‘এই সিরিজ নিয়ে আমাদের অনেক আশা ছিল। দল হিসেবে নিজেদেরই হতাশ করেছি আমরা। কিছু কিছু মুহূর্ত ছিল যেখানে সুযোগ এসেছিল। কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি।’

তামিম তাই কোনো সংকোচ না করেই বললেন, ‘দায় নিজেদেরই নিতে হবে। শ্রীলঙ্কা ভালো খেলেছে। আমাদের চেয়ে শ্রেয়তর দল হিসেবেই এই দুটি ম্যাচ জিতেছে।’

তবে তামিম শেষটা অন্তত ভালো করতে চান, ‘এই সিরিজ আমরা এর মধ্যেই হেরে গেছি। ৩-০ ও ২-১ এর মধ্যে পার্থক্য হবে যে, প্রথম দুই ম্যাচে আমরা আমাদের ভাবনা মতো খেলতে পারিনি। শেষ ম্যাচ জিততে পারলে অন্তত নিজেদের কিছু পাওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত