রাস্তার পাশে বোমা, আফগানিস্তানে নিহত ৩৪ বাসযাত্রী

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৪:১৪ পিএম

আফগানিস্তানে মহাসড়কের পাশে ফেলে রাখা একটি বোমা বিস্ফোরণে শিশু ও নারীসহ কমপক্ষে ৩৪ জন বাসযাত্রী নিহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র সেদিক সিদ্দিকী টুইটারে জানিয়েছেন, তালিবানদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে সবাই সাধারণ নাগরিক।

বুধবার হেরাত ও কান্দাহারকে সংযোগকারী মহাসড়ক ধরে বাসটি এগিয়ে যাওয়ার সময় বোমার সঙ্গে বাসের চাকার সংঘর্ষে বিস্ফোরিত হয়। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন।

ফারাহ প্রদেশ পুলিশের মুখপাত্র মোহিবুল্লাহ মোহিব বলেন, ‘আফগানিস্তান ও বিদেশি নিরাপত্তা বাহিনীগুলোকে লক্ষ্য করে তালেবান বিদ্রোহীরা বোমাটি পেতে রেখেছিল।’

প্রায় ১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধ চলাকালীন আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে তালেবান দেশটির সবচেয়ে বেশি অংশ নিয়ন্ত্রণ করছে। তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা প্রায় প্রতিদিন হামলা শুরু করায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই আরও নাজুক হয়ে উঠছে।

আগামী মাসে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা আছে। এর আগে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা চলার মধ্যেই বেসামরিক যাত্রীদের ওপর প্রাণঘাতী এ হামলার ঘটনাটি ঘটলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত