২০১৮-২০১৯ অর্থবছরের ৩টি প্রজ্ঞাপনে ১৪টি চলচ্চিত্রকে দেয়া অনুদানের ঘোষণা কেন অবৈধ হবে না এবং চলচ্চিত্র অনুদানের ক্ষেত্রে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য নীতিমালা অনুযায়ী উক্ত অর্থবছরের সকল চলচ্চিত্রের প্যাকেজ প্রস্তাব কেন পুনঃ নিরীক্ষা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
চারজন চলচ্চিত্রকর্মীর আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন। রুলের জবাব দিতে উচ্চ আদালত তথ্য মন্ত্রণালয়কে চার সপ্তাহ সময় দিয়েছেন।
অনুদান নীতিমালা লঙ্ঘন করে ৩টি প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৮-২০১৯ অর্থবছরে মোট ১৪টি চলচ্চিত্রের অনুদানের ঘোষণা স্থগিত ও জমাকৃত সকল চলচ্চিত্র নির্মাণ প্যাকেজ প্রস্তাব পুনঃনিরীক্ষণের জন্য গত ১৬ জুলাই জনস্বার্থে উচ্চ আদালতে রিট আবেদন করেন চলচ্চিত্রকর্মী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অদ্রি হৃদয়েশ, সুপিন বর্মণ ও খন্দকার সুমন।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম।
