লক্ষ্মীপুরে মিল্কভিটা শ্রমিক মামুন পাঁচ দিন ধরে নিখোঁজ

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১১:৪৭ এএম

লক্ষ্মীপরের রামগঞ্জ উপজেলা দুগ্ধ উৎপাদন কারখানার (মিল্ক ভিটা) শ্রমিক মো. মামুন হোসেন মাতাব্বর (২৮) কর্মস্থল থেকে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

মামুনের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গত ২৭ জুলাই থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের ঘটনায় রামগঞ্জ মিল্কভিটার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফরহাদুল ইসলাম গত ২৮ জুলাই রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রামগঞ্জ থানার সাধারণ ডায়েরি সূত্রে ও মিল্কভিটা দুগ্ধ উৎপাদন কেন্দ্রের ডাক্তার ফরহাদুল ইসলাম জানান, মো. মামুন হোসেন মাতাব্বর বিগত ৪ বছর ধরে রামগঞ্জ দুগ্ধ উৎপাদন কেন্দ্রে (মিল্কভিটা) শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

ছুটি ব্যতীত মামুন কারখানার অভ্যন্তরের একটি কক্ষে অবস্থান করে আসছেন। গত ২৭ জুলাই (শনিবার) কারখানার অন্য শ্রমিকরা এসে প্রতিষ্ঠানের মূল ফটক খোলা দেখতে পেয়ে মামুনকে খোঁজ করেন।

মামুনকে খুঁজে না পেয়ে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে কারখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফরহাদুল ইসলাম রোববার রাতে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কারখানার প্রহরী তাজুল ইসলাম জানান, মামুন বেশ কয়েকদিন ধরে এলোমেলো আচরণ করছিল। শুক্রবার রাত ১০টায় অফিস ত্যাগ করার সময় মামুনকে তার কক্ষেই দেখে গেছেন বলে জানান তিনি।

স্থানীয় লোকজনসহ ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম মজুমদার জানান, ছেলেটি শান্ত প্রকৃতির ছিল। হঠাৎ তার নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ ব্যাপারে নিখোঁজ মামুনের কোনো আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে। নিখোঁজ মামুন হোসেন মাতাব্বর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল মাতাব্বর বাড়ির মৃত মহিন উদ্দিন মাতাব্বরের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত