মশা মরার ওষুধ কে আমদানি করবে, স্থানীয় সরকার বিভাগ না ঢাকার দুই সিটি করপোরেশন- তা ঠিক করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্টের শুনানিতে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য আসার পর হাইকোর্ট দুই সিটি করপোরেশনকে এ দায়িত্ব দেন।
এর আগে দুপুরে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদকে তলব করেন বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাই কোর্ট বেঞ্চ।
আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়ার শঙ্কা প্রকাশ করে সরকারিভাবে দ্রুত মশা মারার ওষুধ আনা সম্ভব কি না হেলালুদ্দীনের কাছে তা জানতে চান আদালত।
তিনি স্পষ্ট কিছু বলতে না পারায় হাইকোর্ট তাকে বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে সরকারের সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেন।
মশা নিধনে কার্যকর ওষুধ আনতে কত দিন লাগবে, তা গত ২৫ জুলাই জানতে চান হাইকোর্ট। আদালত মঙ্গলবার এক আদেশে মশা মারার যথাযথ ওষুধ আনতে কত সময় লাগবে, তা বৃহস্পতিবারের দুপুরের মধ্যে জানাতে নির্দেশ দেন।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আদালতের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের আইনজীবী তৌফিক ইনাম টিপু।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।
দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, মশার ওষুধ আনার দায়িত্ব সরকারের।ছিটানোর দায়িত্ব সিটি করপোরেশনের।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মশা মারার ওষুধ সিটি করপোরেশনই আনবে। সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দেবে।
তখন জরুরি পরিস্থিতিতে মশা মারার ওষুধ আনার বিষয়ে জানতে স্থানীয় সরকার সচিবকে তলব করেন হাইকোর্ট। তাকে বেলা ২টার মধ্যে আদালতে উপস্থিত থাকতে বলা হয়।
এরপর বেলা ২টার দিকে হাইকোর্টে হাজির হন স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমদ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন এবং দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানও তার সঙ্গে ছিলেন।
মশা মারার ওষুধ কে আনবে, সে বিষয়ে আদালতের প্রশ্নে হেলাল উদ্দিন বলেন, অনেকের ধারণা, মশার যে ওষুধটি চলছে সেটা দিয়ে মশা মরছে না। ফলে ২৮ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়, এলজিইডি, দুই সিটি করপোরেশন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মিটিং হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে ওষুধ আনবে সিটি করপোরেশন। আমরা টাকাসহ সব ধরনের সহযোগিতা দেব।
পরে আদালত ৪টার দিকে সিদ্ধান্ত নির্দেশনা দিয়ে শুনানি মুলতবি করেন।
মুলতবির পর হাইকোর্ট সিদ্ধান্ত দেন, সিটি করপোরেশন মশার ওষুধ আনকে। যত দ্রুত সম্ভব এ ওষুধ আনতে আর্থিক ও তদারকিসহ প্রয়োজনীয় সব দায়িত্ব পালন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
