ইংল্যান্ডে গেলেও সন্তানদের ‘পাকিস্তানি’ বানাবেন আমির

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০৬:০৪ পিএম

ব্রিটিশ মেয়েকে বিয়ে করে ইংল্যান্ডের বাসিন্দা হলেও মোহাম্মদ আমির নিজের সন্তানদের পাকিস্তানি পরিচয়ে বড় করতে চান। আলোচনা-সমালোচনার ভেতর আমিরের স্ত্রী নিজেই টুইটারে এ কথা জানিয়েছেন।

আমির ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে নিতে পারেন- এই খবর ছড়ানোর পরেই আমিরের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

এই বিষয়ে আমির কোনো কথা না বললেও এ বার মুখ খুললেন তার স্ত্রী নারজিস আমির। তিনি বলেন, ‘যদিও কাউকে আমাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না, তবু যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের জন্য জানাচ্ছি, আমার স্বামী আমিরের ইংল্যান্ড বা অন্য দেশের হয়ে খেলার প্রয়োজন নেই। তিনি একজন গর্বিত পাকিস্তানি এবং সে দেশের হয়ে খেলতে ভালোবাসেন। শুধু আমির নয়, আমাদের মেয়ে মিন্সা যদি ক্রিকেট খেলতে চায়, তাহলে সেও তার বাবার মতো পাকিস্তানের হয়েই খেলবে। আর সেটাই আমিরের ইচ্ছা।’

নারজিস বলেন, ‘আমির টেস্ট খেলা থেকে অবসর নিয়েছেন যাতে দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে বেশি করে মনোযোগ দিতে পারেন। কামনা করি আল্লাহ যেন নেতিবাচক চিন্তা করা মানুষদের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা করার শক্তি দেন।’

নারজিস নিজে ব্রিটিশ নাগরিক। সেই সূত্রে আমির ৩০ মাস ব্রিটেনে থাকতে পারেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে রবিবার জানা গিয়েছিল, পাক পেসার পাকাপাকিভাবে ব্রিটেনে থাকার পরিকল্পনা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত