ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে গত বুধবার রাতে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপূর্ব সরকার শুভ (১৮) উপজেলার রাজাপুর গ্রামের মহানন্দ সরকারের ছেলে। গতকাল বৃহস্পতিবার মাগুরা সিনিয়র জুডিশিয়াল-২ আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন জানান, সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের একাদশ শ্রেণির ছাত্র অপূর্ব গত মঙ্গলবার তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয়। এতে বলা হয়, ‘এ কেমন ধর্ম, হাজারো পশু হত্যা করে উৎসব পালন।’ বিষয়টি ভাইরাল হলে মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একপর্যায়ে গত বুধবার রাতে অপূর্বকে গ্রেপ্তার করে গতকাল তাকে আদালতে পাঠানো হয়।
