ছেলেধরা গুজব রটাতে ফেইসবুকে ভিডিওচিত্র ছড়ানোর অভিযোগে ফটিকছড়ি উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আলমগীর বিন কবির (৩৪) উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়াহাট এলাকার কবির আহমদের ছেলে।
গত বুধবার উপজেলার নাজিরহাট পৌরসভার হাসপাতাল রোডে বদিউল আলমের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের একটি দল। গতকাল বৃহস্পতিবার সকালে এ নিয়ে নগরীর হালিশহর জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম এমরান ভূঁইয়া বলেন, সম্প্রতি ফেইসবুকের মাধ্যমে জেলা পুলিশের কাছে ৫ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ আসে। তাতে দেখা যায়, আলমগীর ছেলেধরা গুজব রটাতে নবজাগরণ শিল্পী গোষ্ঠীর নামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ভিডিওচিত্র তৈরি করে ছড়িয়ে দিয়েছিল। ভিডিওতে ‘পদ্মা সেতু ও ছেলেধরা কল্লাকাটা’ নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে এলাকার শিশু-কিশোরদের স্কুল-মাদ্রাসায় একা না পাঠানোর কথা বলা হয়। তার কাছ থেকে ভিডিওচিত্র ধারণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
