জেলা শহরের কুরপাড় এলাকায় ভাশুরের বাসা থেকে পিয়াসা আক্তার (২০) নামের স্নাতক পড়–য়া এক অন্তঃসত্ত্বার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিয়াসা নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে কুরপাড় এলাকায় ভাশুর সিদ্দিক মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত প্রায় এক বছর আগে সদর উপজেলার কুমড়ী এলাকার নীল চান্দের মেয়ে পিয়াসার বিয়ে হয় কেন্দুয়া উপজেলার আপেল মিয়ার সঙ্গে। আপেল মিয়ার কেন্দুয়ায় একটি গরুর খামার রয়েছে। তার বড় ভাই ও ব্যবসায়ী সিদ্দিক মিয়া নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় থাকেন। আপেলের স্ত্রী কলেজে পড়ার কারণে পরীক্ষা দিতে ভাশুরের বাসায় মাঝেমধ্যেই থাকেন। গত কয়েকদিন ধরে পিয়াসা সেখানে অবস্থান করছিলেন। তার স্বামী আপেল মিয়া গত বুধবার সন্ধ্যায় ভাইয়ের বাসা থেকে কেন্দুয়া চলে যান। ওই রাতে কাজের মেয়েকে সঙ্গে নিয়ে ঘুমান পিয়াসা। গতকাল সকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানে তাকে ঝুলতে দেখে থানায় খবর দেয় স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
