রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা’ গান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মাঈনুল আহসান নোবেলকে ‘চাবকানোর’ কথা বলেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী ইমন চক্রবর্তী।
ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান সারেগামাপা থেকে জনপ্রিয়তা অর্জন করা নোবেলের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে কথা বলেন।
নোবেল বলেন, ‘‘রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ যতটা না দেশকে (বাংলাদেশ) এক্সপ্লেইন করে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা ‘বাংলাদেশ’ গানটা।’’
এই গানটি জাতীয় সংগীত হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।
নোবেলের এমন কথায় ইমন চক্রবর্তী মনে করছেন, এতে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে। নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘দুঃখ নিয়ে বলছি… এনাকে সামনে পেলে ‘চাবকাতাম।’
ফেসবুকে এ কথা লেখার পর ভারতের একটি পত্রিকাকে ইমন বলেন, ‘আমরা এখনও ভুল করলে বড়রা শুধরে দেন। শাসন করেন। নোবেল আমার ছোট ভাইয়ের মতো। সদ্য ক্যারিয়ার শুরু করেছে। তাই শুরুতেই এরকম বিরূপ মন্তব্য ওর করা উচিত হয়নি। দিদি হিসেবে, শিল্পী হিসেবে এবং সর্বোপরি একজন বাঙালি হিসেবে আমি একথা বলেছি। নোবেল নিজেকে দ্রুত শুধরে নিতে পারলে ওর জন্যই ভালো।’
