আন্তর্জাতিক স্তন্যপান সপ্তাহ উপলক্ষে মাতৃত্ব ও সন্তানকে স্তন্যপান করার প্রয়োজনীয়তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সেখানে তুলে ধরেন ব্যক্তিগত অভিজ্ঞতা।
মেয়ে মেহেরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নেহা। যদিও সেখানে সেলিব্রিটি কিডসের মুখ প্রকাশ্যে আনা হয়নি।
মা হওয়ার পর কীভাবে কাজ ও সন্তানের জন্য সময় ভাগ করে নিয়েছেন- এই বিষয়ে কথা বলেছেন নায়িকা। নেহার ভাষ্য, মা হওয়া তার জন্য কাছে এক্কেবারেই সহজ ছিল না। গত ৮ মাস তার কাছে ভীষণ কঠিন ছিল। মেয়ের জন্য অনেক রাত জেগেই কাটাতে হয়েছে তাকে। আবার মাতৃত্ব তাকে অনেক আনন্দও দিয়েছে।
সন্তানকে স্তন্যপান করানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। নেহা বলেন, “টানা ৬ মাস শুধুমাত্র স্তন্যপান করানো ছাড়া মেহেরকে খাওয়ানোর আর কিছুই ছিল না। তাই এটা মা হিসেবে আমার কাছে ভীষণই কঠিন ছিল। বিশেষ করে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো তখন ওকে কীভাবে খাওয়াবো আমি বুঝতে পারতাম না।”
সঙ্গে যোগ করেন, “এমনও হয়েছে, বিমানে করে কোথাও যাচ্ছি অথচ মেহেরের ক্ষুধা পেয়েছে। ওকে কীভাবে খাওয়াবো বুঝতে পারছিলাম না। অগত্যা বিমানের শৌচাগারে গিয়ে বসে ওকে স্তন্যপান করাতে হয়েছে। কারণ, মা হিসেবে সন্তান যখন খিদের জন্য কাঁদবে সেটা সহ্য করা যায় না। টানা ১৫ মিনিট শৌচাগার আটকে রাখার জন্য আমি অন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তবে আমার মনে হয়েছে সন্তানকে স্তন্যপান করা নিয়ে প্রত্যেক মায়ের স্বাধীনতা থাকা উচিত। এখানে কোনো জড়তা থাকা ঠিক নয়।”
নেহা আরও বলেন, “আমার মনে হয় আমি ভীষণই ভাগ্যবান যে মেহেরকে বড় করার ক্ষেত্র অঙ্গদ (নেহার স্বামী) ও পরিবারের অন্যদের আমি ভীষণই সাহায্য পেয়েছি বা পাচ্ছি।”
