পাকিস্তান দলের কোচ হিসেবে আকরামকে চান মিয়াঁদাদ

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০৪:৩৬ পিএম

বেশ কিছু দিন ধরে গুঞ্জন, পাকিস্তান দলের বর্তমান কোচ মিকি আর্থারকে ছেড়ে দিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। বিশ্বকাপে দল সেমি-ফাইনাল খেলতে না পারায় আর্থারের প্রতি সন্তুষ্ট নয় তারা। নতুন কোচের জন্য এরই মধ্যে খোঁজাখুঁজিও শুরু হয়ে গেছে। কিন্তু দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের প্রস্তাব, দেশীয় কাউকে কোচ করা হোক। এক্ষেত্রে ওয়াসিম আকরামের জন্যও উল্লেখ করেছেন তিনি।

অতীতে পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করা মিয়াঁদাদ বলেন, ওয়াসিম আকরামের মত যারা অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং খেলোয়াড়ী জীবনে ভাল করেছেন তারাই জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ভাল হবে। তার মতে, বিদেশি কোচরা খেলোয়াড়দের পারফরম্যান্সে বেশি দৃষ্টি রাখেন না।

মিয়াঁদাদ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ ওয়াসিম আকরাম ও আমাদের অন্যান্য খেলোয়াড়দের অভিজ্ঞতার সুবিধা পাচ্ছে। তারা তাদের খেলোয়াড়দের ভুলগুলো দূর করা এবং তাদের পারফরম্যান্স উন্নতি করায় বাস্তবিক দিক নির্দেশনা দিচ্ছে। তাদের টিপসগুলো বিস্ময়করভাবে কাজ করছে। তাই অন্য দেশগুলো যদি তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে, তাহলে আমরা কেন আমাদের সাবেক তারকা ক্রিকেটারদের কাজে লাগিয়ে উপকৃত হতে পারি না?”

দেশীয় কোচদেরই জাতীয় দলের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ মিয়াঁদাদ। তার যুক্তি, “দল ভালো করলে বিদেশি কোচদের কৃতিত্ব দেওয়া হয়। কিন্তু খারাপ করলে দায় চাপান হয় খেলোয়াড়দের উপর। বলা হয় বিদেশি কোচদের কাছ থেকে খেলোয়াড়রা শিখতে পারছে না। আপনার যদি নিজ দেশে এক্সপার্ট কোচ না থাকে তাহলে নাহয় বিদেশি কোচ আনতে পারেন। কিন্তু আপনার যদি দেশেই ভালো কোচ থাকে, তাহলে তো আপনার বাইরে থেকে কোচ আনার কোনো প্রয়োজনই নেই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত