সাংবাদিক নির্মল সেনের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০১:৪২ এএম

বিশিষ্ট সাংবাদিক, কলামনিস্ট, রাজনীতিক, লেখক ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৯তম জন্মবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে নির্মল সেন স্মৃতি সংসদ কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ চত্বরে আলোচনা সভা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ সেনগুপ্ত। আর দেশভাগের পর নির্মল সেনের মা-বাবা অন্য ভাই-বোনদের সঙ্গে নিয়ে কলকাতা চলে যান। জন্মভূমির প্রতি ভালোবাসার কারণে নির্মল এ দেশে থেকে যান।

স্কুলজীবন থেকে ‘ভারত ছাড়’ আন্দোলনের মাধ্যমে নির্মল সেনের রাজনৈতিক জীবন শুরু হয়। কলেজজীবনে তিনি অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তী সময়ে তিনি আরএসপিতে যোগ দেন। দীর্ঘদিন তিনি শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতি করতে গিয়ে নির্মল সেনকে জীবনের অনেকটা সময় জেলে কাটাতে হয়েছে।

১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্য দিয়ে নির্মল সেন তার সাংবাদিকতা জীবন শুরু করেন। তারপর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত