প্রথমবার মিউজিক ভিডিওতে প্রত্যয়-নদী’র ডুয়েট গান

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৫:১৬ পিএম

সংগীতশিল্পী প্রত্যয় খান ও নদী দুজনই নিজ নিজ গুনে জনপ্রিয়। ঈদ উপলক্ষে নির্মিত একটি রোম্যান্টিক ডুয়েট গান নিয়ে একসঙ্গে হাজির হচ্ছেন প্রত্যয় ও নদী।

প্রত্যয় খান ও নদীর এই প্রথম ডুয়েট গানের মিউজিক ভিডিওর শিরোনাম ‘উদাসী মন’। সম্প্রতি ‘উদাসী মন’ গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে উত্তরার একটি বাড়িতে। ‘উদাসী মন’ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নবাগত রোমিও ও উঠতি মডেল তারকা লিপসি শৈলী।

‘যখন তোমার হাতে হাত রাখি, গল্প হয়ে পড়ি তোমায়, যখন তোমার চোখ চোখ রাখি, বৃষ্টি হয়ে ভেজাও আমায়-এমন কথার গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিজেই। গানটি গত ঈদে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশ এ গানটি পাওয়া গেছে।

জানা গেছে, এই মিউজিক ভিডিওটি ৪ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউবে উন্মুক্ত করা হবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি।

গানটি নিয়ে প্রত্যয় বলেন, ‘ভালোবাসার গান এটি। খুব চমৎকার একটি মিউজিক ভিডিও করা হয়েছে। গানটির সুর-সংগীতও হয়েছে শ্রুতিমধুর । চেষ্টা করেছি শ্রোতাদের ভালো লাগার মতো একটি গান উপহার দিতে।’

মিউজিক ভিডিওটি নিয়ে মডেল লিপসী শৈলী বলেন, ‘দারুণ একটি কাজ হয়েছে এটি। রোম্যান্টিক কথার দারুণ একটি গান। গানটি আমার নিজেরও ভালো লেগেছে। আর মিউজিক ভিডিওটি তো এক কথায় অসাধারণ হয়েছে। এটি সবার ভালো লাগবে বলে আমি আশা করছি।’

‘উদাসী মন’ গানটি প্রকাশ হয়েছিল ২০১৭ সালে ‘চাঁদমুখ’ অ্যালবামে। তখন গানটির লিরিকাল ভিডিও জিসান মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউবে প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত