জামালপুর সদরের কাসারুপাড়া হাফেজিয়া মাদ্রাসায় এক ছাত্রের দায়ের কোপে আরেক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাদ (০৮) জামালপুর সদরের শৈলের কান্দা গ্রামের সুরুজ্জামানের ছেলে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল বারী জানান, সন্ধ্যা ৭ টার দিকে মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সাদের সঙ্গে নবম শ্রেণির শিক্ষার্থী রায়হানের (১৫) ঝগড়া বাঁধে। ঝগড়ার একপর্যায়ে রায়হান মাদ্রাসার রান্না ঘরের বটি দা দিয়ে সাদের ঘাড়ে ও মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রায়হানকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে নিহত সাদের লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনার কারণ জানতে রায়হানকে জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
