এমবাপে-দি মারিয়ার গোলে মৌসুমে প্রথম শিরোপা পিএসজির

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১১:০৮ এএম

ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসেছিল পিএসজি। পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করতে হয় পিএসজিকে। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়ায় দলটি। গোলের দেখা পান আক্রমণভাগের তারকা দুই খেলোয়াড় কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়া। তাতে রেনকে হারিয়ে মৌসুমের শুরুতেই ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুললো প্যারিসের ক্লাবটি।

চীনের শেনজেনে শনিবার রেনকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে পিএসজি। এই নিয়ে টানা সাতবার ফরাসি সুপার কাপে শিরোপা শোকেসে তুললো লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শুরুর ত্রয়োদশ মিনিটেই গোল খেয়ে বসে পিএসজি। এই গোলেই পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে দলটি। তবে গোলের দেখা পেতে দ্বিতীয়ার্ধে খুব বেশি সময় নেয়নি তারা।

জার্মান ডিফেন্ডার টিলো কেরারের পাস থেকে জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফেরান পিএসজি। ৭৩তম মিনিটে ফ্রি-কিকে জয়সূচক গোল করেন অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল ডি মারিয়া।

এই নিয়ে সর্বোচ্চ নয়বার ফরাসি সুপার কাপ জয়ের রেকর্ড গড়লো পিএসজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত