মির্জাপুরে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০২:৫২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া তাদের একমাত্র শিশুপুত্র বিজয় (১০) গুরুতর আহত হয়েছে।

রবিবার সকাল ৯টা ৪০মিনিটের দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিম দেওহাটার কচুয়পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী তাসলিমা (৩০) তাদের পাচঁ বছরের ছেলে বিজয়কে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ওই দম্পত্তি বাড়ি ফিরছিলেন।

পথে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে গাজীপুর থেকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী লোকাল বাস (ঢাকা মেট্রো- জ- ১১-০২৮৫) অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তাসলিমা নিহত হন।  স্বামী জাহাঙ্গীর, তার ছেলে বিজয়  ও অটোরিকশা চালক শরবেস আলী (৩০) গুরুতর আহত হন।

কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর ও রিকশা চালক শরবেস আলী মারা যান। শিশুটি কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রিকশা চালকের বাড়ি মির্জাপুর পৌর এলাকার বাইমহাটী গ্রামে বলে জানা গেছে। পুলিশ বাসটি আটক করেছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, বাস চাপায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত