জামালপুরে এক কৃষকের দেহ ও মাথা দুই উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, খুলনার ডুমুরিয়ায় ব্যবসায়ীর, নারায়ণগঞ্জে তরুণের, চাঁপাইনবাবগঞ্জে ডেকোরেশন কর্মীর এবং ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
জামালপুর : ইসলামপুর থেকে এক কৃষকের দেহবিহীন মাথা ও মেলান্দহ থেকে ওই কৃষকের দেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের চর চারিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে হাসেন আলী (৫২) নামের ওই কৃষকের মাথা ও সকালে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুশা কুমারবাড়ি ঘাট এলাকা থেকে তার দেহ উদ্ধার করা হয়। নিহত হাসেন আলী ইসলামপুরের গোয়ালের চর ইউনিয়নের সবুকুড়া গ্রামের ইয়াজউদ্দিনের ছেলে।
ইসলামপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুপুরে গোয়ালের চর ইউনিয়নের চর চারিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদে হাসেন আলীর দেহবিহীন মাথা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এর আগে সকালে মেলান্দহের কুমারবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ পাওয়া যায়। হাসেন আলী গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
খুলনা : মাছের ঘের থেকে সগির উদ্দিন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার ঘোনামাদারডাঙ্গা গ্রামে মাছের ঘের থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সগির দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।
নিহতের আত্মীয় শামীম জানান, সগির ডুমুরিয়া উপজেলার ঘোনামাদারডাঙ্গা গ্রামে প্রায় আট বছর ধরে জমি লিজ নিয়ে মাছ চাষ করতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তারা জানতে পারেননি।
নারায়ণগঞ্জ : রফিকুল ইসলাম হৃদয় (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় ধলেশ্বরীর শাখা খাল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় শহরের নয়াপাড়া এলাকার শাহ নেওয়াজ সেন্টুর ছেলে।
সদর মডেল থানার এসআই রিপন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় গত শনিবার সকালে বাবা-মায়ের সঙ্গে রাগ করে হৃদয় বাড়ি থেকে বের হয়ে যান।
চাঁপাইনবাবগঞ্জ : শহরের বড়ইন্দারাসংলগ্ন কাঁঠালবাগিচা এলাকায় আহাদ আলী নামে এক ডেকোরেটর টেকনিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ডেকোরেটরের স্টোররুম থেকে পা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহটি উদ্ধার করা হয়। আহাদ পৌর এলাকার রামকৃষ্টপুর মাঝপাড়া মহল্লার আবদুস সামাদের ছেলে। তিনি শহরের বড় ইন্দারা মোড় এলাকার ফিরোজ ডেকোরেটরের টেকনিশিয়ান কর্মচারী ছিলেন।
সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের পরনে একটি গেঞ্জি পাওয়া গেছে, যার সামনে মৎস্য সপ্তাহ-২০১৬ ও পেছনে লেখা ছিল সৌজন্যে সোনালী ব্যাংক। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীত পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
