দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রায় ১২টি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত আশুড়ার বিলে কয়েক হাজার পরিবারের ধান চাষ বন্ধ করে ক্রস ড্যাম (আড়াআড়ি বাঁধ) দিয়ে পর্যটন কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ বাঁধ নির্মাণের প্রতিবাদে গতকাল রবিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ৭ শতাধিক মানুষ আশুড়ার বিলে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই বলেন, ‘আশুড়ার বিলে ক্রস ড্যাম নির্মাণ করা হলে ব্যক্তি মালিকানাধীন জমিও সেখানে তলিয়ে যাবে। এ ছাড়া আশুড়ার বিলে প্রায় ছয় হাজার পরিবার ধান চাষ করে জীবিকা নির্বাহ করে। বিলের মধ্যে ক্রস ড্যাম নির্মাণ করা হলে প্রায় ছয় হাজার পরিবারের ২৫ থেকে ৩০ হাজার মানুষ অনাহারে দিন কাটাবে।
গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেদ ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, বিলে প্রচুর ধান হয়। আমরা প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ এই ধানের ওপর দিয়েই জীবিকা নির্বাহ করি। তিনি বলেন, এখানে ক্রস ড্যাম নির্মাণ করলে আমাদের না খেয়ে মরতে হবে।’
প্রকল্প পরিচালক (পিডি) এএসএম শহিদুল আলম বলেন, দেড় দুই মাস আগে শুরু হওয়া প্রকল্পটি ১৮ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এবং স্থানীয় এমপির চাহিদাপত্র অনুযায়ী কাজটি করছি।’
