রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আলেক মৃধা (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সকাল ৯টার দিকে বড় মগবাজারে ছাদ থেকে পড়ে তয়িফ (১৭) নামে এক মানসিক প্রতিবন্ধীর নিহতের খবর পাওয়া গেছে।
আলেক মৃধার ছেলে বাশার মৃধা জানান, বাড্ডা সাতারকুল আলীনগর গলির শেষ মাথায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন তার বাবা। সকালে ভবনের সাততলায় পানি দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত তয়িফের চাচা টোটন হোসাইন জানান, বড় মগবাজার ২৪২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত তয়িফ। সে মানসিক প্রতিবন্ধী। বাবার নাম সাইফুর রহমান। সকালে ছাদে হাঁটাহাঁটির সময় সে নিচে পড়ে যায়। ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
