নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে গোসল করতে নেমে চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তারের (১০) মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে খড়খড়িয়া নদীর চান্দিনা ব্রিজ ঘাটের অদূরে এ ঘটনা ঘটে। জান্নাতি ওই ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের কোরবান আলীর মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, গ্রামের ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতি সোমবার সকালে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান ওই ছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
