ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক কার্যক্রম নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১২:২৯ এএম

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল সোমবার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কাজ করছে সরকার।

এতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মনিটরিং সেলের মাধ্যমে দেশের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি নিয়মিত ঢাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে আক্রান্ত রোগীদের খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসকদের নির্দেশনা দিচ্ছেন।

এতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে বিভিন্ন সরকারি হাসপাতালের শয্যা বৃদ্ধি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। ঢাকার বাইরে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহজ করতে ঢাকা থেকে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ সমন্বয়ে টিম গঠন করা হয়। এসব টিম ঢাকার বাইরে অবস্থিত ১৩টি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সঙ্গে ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণের অভিজ্ঞতা বিনিময় করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত