চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত এক তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার পশ্চিম বরুমচড়া বিলের একটি টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। একই দিন পঞ্চগড়ের বোদা উপজেলায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আনোয়ারার পশ্চিম বরুমচড়া বিলের একটি টিলায় এক নারীর মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। লাশের পরনে ছিল লাল সালোয়ার ও সাদা কামিজ।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ১৮-২০ বছরের ওই তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের কেরানীপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশ থেকে গতকাল এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
