পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এম এনামুল হক শামীম বলেছেন, যে কোনো মূল্যে মেঘনার ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষা করা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পের আওতায় চাঁদপুর ও হাইমচর উপজেলাকে নদীভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষাকল্পে ১১শ’ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প একনেকে পাস হওয়ার পর চলতি বছরেই কাজ শুরু করা হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল সোমবার সকালে চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরান বাজার হরিসভা ভাঙন এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শওকত ওসমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান প্রমুখ।
