ঘুষের মামলায় হুদা দম্পতির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০২:১০ এএম

ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সেই সময়ের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন। এজাহারে বলা হয়, যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডকে নিযুক্ত করা হয়। সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা নাজমুল হুদার স্ত্রীর মালিকানায় পরিচালিত ‘খবরের অন্তরালে’ পত্রিকার হিসাবে জমা দেওয়ার জন্য বলেন। মাসিক কিস্তিতে দাবিকৃত টাকা না দেওয়া হলে ওই প্রতিষ্ঠানের ঠিকাদারি নিয়োগ বাতিল করে কালো তালিকাভুক্ত করার হুমকি দেন। নিরুপায় হয়ে ও ব্যবসায়িক ক্ষতি বিবেচনা করে মাসে ২৫ হাজার টাকা উৎকোচ প্রদানের প্রস্তাব করলে নাজমুল হুদা দম্পতি তাতে রাজি হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত