লক্ষ্মীপুরের রামগতির চরআবদুল্লাহ এলাকা থেকে অপহৃত ৫ রাখালকে উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ভোলার দৌলতখান চরপাতা ইউনিয়নের কাজিরহাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রাখালেরা হচ্ছেন, চরআলেকজান্ডার এলাকার মোহাম্মদ আলীর ছেলে রুবেল হোসেন, মোজাম্মেল হকের ছেলে রিপন হোসেন. আজাদ উদ্দিনের ছেলে আলমগীর হেসেন, ছাদেক উল্লার ছেলে ইউসুফ হোসেন ও চরকাদিরা এলাকার নবী হোসেন।
বর্তমানে উদ্ধারকৃত রাখাল রুবেল হোসেন, রিপন হোসেন, আলমগীর হোসেন, ইউসুফ হোসেন ও নবী হোসেন দৌলতখান থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান।
অপহরণকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার ভোর রাতে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অপহৃত রুবেল হোসেনের বাবা মোহাম্মদ আলী ও রিপন হোসেনের ভাই বাবুল মিয়া জানান, রামগতি উপজেলা থেকে আলাদা একটি দ্বীপ অঞ্চল চর আবদুল্লাহ। এ চরে কয়েক হাজার মহিষ লালন-পালন করা হয়। প্রতিটি মহিষ খামারে কয়েকজন করে রাখাল নিয়োজিত রয়েছে।
প্রতিদিনের মতো রাখালেরা ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ মঙ্গলবার ভোররাতে অস্ত্রের মুখে ৫ রাখালকে তুলে নিয়ে যায় কয়েকজন অপহরণকারী। এরপর তাদের ৫জনকে জিম্মি করে মোবাইল ফোনে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী।
পুলিশ জানায়, অপহৃত ৫ রাখালকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। দৌলতখার চরপাতা ইউনিয়নের কাজীরহাট এলাকায় ৫ রাখালকে একটি ইঞ্জিন চালিত নৌকায় জিম্মি করে রাখা হয়। পরে মোবাইল ট্র্যাকিং করে অবস্থান চিহ্নিত করে ওই এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বর্তমানে দৌলতখান থানা হেফাজতে রয়েছে তারা। তবে ঘটনার সাথে জড়িতদের ধরতে দৌলতখান ও রামগতির বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন রামগতি ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক ও মো. এনায়েত হোসেন। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
