ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ১৭৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এখন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের ডেপুটি এডিটর মুজামিল জালিল।
জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে দিল্লিতে ফিরেই অঞ্চলটির বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এই সাংবাদিক বলেন, “মাত্র শ্রীনগর থেকে দিল্লিতে ফিরলাম। ১৮৪৬ সালের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এখন। শ্রীনগর এখন সেনা শহর-সিটি অব সোলজার্স। পারাইপোরা (বিমানবন্দর সড়ক) থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসের স্থানীয় অফিসে যেতে লেগেছে তিন ঘণ্টা।”
তিনি বলেন, “সব ধরনের তারবার্তা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ফোন, মোবাইল, ল্যান্ডলাইন সব নেটওয়ার্ক বিচ্ছিন্ন। ইন্টারনেট বন্ধ। এটিএম বুথগুলো টাকাশূন্য। কাশ্মীর জুড়ে চলছে কড়া কারফিউ।”
“প্রচুর বাধার মধ্যে শ্রীনগরের আপ টাউনে যেতে হয়েছে। শহরের বাইরের অঞ্চলে কী ঘটছে জানতে পারিনি। তবে শুনেছি বারামুল্লাহ ওল্ড টাউনে বিক্ষোভ শুরু হয়েছে।”
মুজামিল জালিল আরও বলেন, “যাদের সঙ্গেই দেখা হয়েছে, সবাই আতঙ্কিত। সবার মধ্যে অদ্ভুত স্থবিরতা। দুজন বিক্ষোভকারী হত্যা করা হয়েছে এমনটা কানে এসেছে। তবে এ খবর নিশ্চিত করা সম্ভব হয়নি।”
এ সাংবাদিক আরও বলেন, “কাশ্মীরের ভেতরেই কাশ্মীরকে অদৃশ্য করে ফেলা হয়েছে। চেকপোস্টে দায়িত্বরত সেনাদের নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, সাংবাদিকেরা যাতে বাবা অতিক্রম করতে না পারে। আর দিল্লিতে বসে টিভি খুলে দেখলাম, শ্রীনগরের রাজবাগ পুলিশ স্টেশনের পাশে একটি হোটেলের ভেতর থেকে প্রতিবেদক জানাচ্ছেন, কাশ্মীর শান্ত আছে।”
মুজামিল জালিলের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ মুহূর্তে কাশ্মীরে কী ঘটছে, সেখানকার পরিস্থিতি জানতে উৎসুক বিপুল মানুষ তার এই পোস্ট শেয়ার দেয়।
