কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে কিছুই জানতো না যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৯:৩৩ এএম

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করবে ভারত, এ ব্যাপারে কিছুই জানতো না যুক্তরাষ্ট্র।  সংকটপূর্ণ এই অঞ্চল নিয়ে অগ্রগতি সম্পর্কে ওয়াংশিটনকে জানানো হলেও এর সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিষয়টি স্পষ্ট করেনি নয়াদিল্লি

এনডিটিভি জানায়, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়টি তাদের জানায়নি ভারত।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক অ্যাক্টিং অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এক টুইটার বার্তায় বলেন, “জম্মু-কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ভারত আলোচনা করেনি বা জানায়নি।”

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানায়, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।

নাম না জানানো সূত্রে সংবাদমাধ্যমটি দাবি করে, ১ আগস্ট ব্যাংঙ্ককের আসিয়ান সামিটের ফাঁকে পম্পেওকে বিষয়টি জানিয়েছিলেন জয়শঙ্কর। এর আগে ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনকে বিষয়টি জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সরকারি সূত্রে এনডিটিভিও জানায়, জম্মু-কাশ্মীর নিয়ে নয়াদিল্লির পদক্ষেপের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের, আমেরিকাসহ পাঁচ সদস্য এবং বিদেশী সংবাদমাধ্যমকে জানায় ভারত।

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সংবাদমাধ্যমের এসব দাবি নাকচ করে দেয়।

জুলাইয়ের শেষের দিকে পাক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরে গেলে তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে তাকে অনুরোধ জানিয়েছেন। এ নিয়ে ভারতীয় সংসদে তুমুল বিতর্ক উঠলে, ট্রাম্পের বক্তব্য অস্বীকার করেন মোদি।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত