ড্যানি ট্রেহো, হলিউডের খলনায়ক। ম্যাশেটি, ডেসপারেডো, স্পাই কিডসসহ অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন ড্যানি। সব সিনেমাতেই তিনি ছিলেন খলনায়ক। তবে রূপালি পর্দার এ খলনায়ক বাস্তব জীবনে নায়ক। কারণ পর্দার এ খলঅভিনেতাকে অনেকেই বাস্তব জীবনের নায়ক হিসেবে প্রশংসা করছেন।
বিবিসির এক প্রতিবেদন মারফত জানা যায়, দুর্ঘটনা কবলিত এক শিশুকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে তিনি ভক্তদের কাছে রীতিমতো নায়ক বনে যান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি গাড়িতে আটকা পড়া শিশুকে উদ্ধার করেন হলিউডের অভিনেতা ড্যানি ট্রেহো। ঘটনার বিবরণে ট্রেহো বলেন, তিনি দেখতে পান সিগন্যালের লাল বাতি জ্বলা অবস্থায় একটি গাড়ি চলছে এবং সেটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়, যার ভেতর একজন নারী ও একটি শিশু ছিল। এরপর পথচারী এক নারীর সহায়তায় শিশুটিকে গাড়ি থেকে উদ্ধার করেন ম্যাশেটি তারকা।
ওই ঘটনা নিয়ে নিজের একটি সাক্ষাৎকার তার ইনস্টাগ্রাম পেইজে শেয়ার করেছেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। ট্রেহো জানান, প্রথমে তিনি গাড়ির জানালা দিয়ে ঢুকে শিশুটিকে বের করার চেষ্টা করে বিফল হন। পরে মনিকা জ্যাকসন নামের এক পথচারী তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। ওই নারী গাড়ির মধ্যে ঢুকে সিল্টবেল্টটি খুলে দেন। আর তাতে শিশুটিকে বের করতে পারেন তিনি। গাড়ির মধ্যে আটকা পড়া নারী শিশুটিকে উদ্ধারের আকুতি জানাচ্ছিলেন বলে জানান দুজনই।
স্থানীয় টেলিভিশন স্টেশন কেএবিসি-টিভি জানিয়েছে, ওই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। হালকা আঘাতের জন্য তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
