সিনেমার বিষয়: প্রতি ২০ মিনিটে ধর্ষিত হচ্ছে ভারতীয় নারী (টিজার)

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১০:১৩ এএম

ভারত জুড়ে কয়েক বছরে বেড়েছে শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা। অক্ষয় খান্না ও রিচা চাড্ডা অভিনীত  নতুন ছবি ‘সেকশন ৩৭৫’-এ উঠে আসবে সেই বিষয়।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই কোর্টরুম ড্রামার টিজার। সেখান থেকে জানা গেল, বেশ রোমহর্ষক কিছু দেখতে যাচ্ছে বলিউড দর্শক।

আইন কোনো আবেগ মানে না। আইনের কাছে যুক্তি ও তথ্যপ্রমাণই শেষ কথা। একটি মেয়ে ধর্ষিত হয়েছে কি হয়নি, তার বিচার করতেও কিন্তু আইনকে নির্ভর করতে হয় তথ্যপ্রমাণের ওপরেই। তার বিস্তৃতি দেখা যাবে ‘সেকশন ৩৭৫’ জুড়ে।

ছবিতে রিচা চাড্ডাকে দেখা যাবে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকার পক্ষের উকিল হিসেবে। উল্টোদিকে ক্রিমিনাল আইনজীবীর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। ধর্ষণ সংক্রান্ত ভারতীয় আইন, সেকশন ৩৭৫-এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যেমন থাকবে, তেমনই থাকবে পৃথিবীর অন্যান্য দেশের ধর্ষণ আইনের রেফারেন্স।

এই ছবিতে উঠে আসবে আরও একটি বাস্তব দিক– বলিউডে নারীদের শোষণ। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বলিউড পরিচালক যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে এক অভিনেত্রী। সেই কেসটিকে কেন্দ্র করেই উঠে আসবে সেকশন ৩৭৫-এর বিভিন্ন দিক।

গত বছর ধরে মিটু আন্দোলন শুরু হয়েছে বলিউডে, তার জেরে বহু পুরোনো বিষয় সামনে এসেছে। অনেক অভিনেত্রী যারা আগে ধর্ষিত বা লাঞ্ছিত হয়েছেন কিন্তু সে কথা বলতে পারেননি, সেই নিয়ে মুখ খুলেছেন। এই আন্দোলনের ফলে কিন্তু বলিউডে অভিনেত্রীরা অনেক বেশি সাহস পেয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে।

ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মীরা চোপড়া, রাহুল ভাট, অতুল কুলকার্নি ও কুলভূষণ খারবান্দা। ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সেকশন ৩৭৫’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত