সাভারে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০৬:২২ পিএম

সাভারে ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

এ সময় শ্রমিকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

শুক্রবার সকালে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অবস্থিত মারহাবা স্পিনিং মিলস লিমিটেড কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক এ বিক্ষোভ করেন।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, সোমবার ঈদ, রবিবার থেকে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনো তৈরি পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেনি মালিকপক্ষ। বৃহস্পতিবার শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও সারা দিন কাজ করিয়ে রাতে পালিয়ে যায় মালিকপক্ষের লোকজন।

তারা জানান, এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী শ্রমিকরা কারখানায় প্রবেশ করে প্রথমে কর্মবিরতি পালন করে। একপর্যায়ে প্রায় তিন শতাধিক শ্রমিক কারখানার সামনের রাস্তায় অবস্থান নেয়। প্রায় ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হলে শিল্প পুলিশের সদস্যরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দেয়। বর্তমানে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে।

কারখানাটির রিং সেকশনের লাইনম্যান মেহেদী হাসান বলেন, মালিকপক্ষ প্রতি মাসেই আমাদের বেতন পরিশোধে গড়িমসি করে। আন্দোলন করে গত জুন মাসের বেতন পেয়েছি এই মাসের (আগস্ট) দুই তারিখে। বৃহস্পতিবার আমাদের বোনাস দেওয়ার কথা বলে রাত ১০টা পর্যন্ত কাজ করানোর পরও কর্তৃপক্ষ তা না দিয়ে পালিয়ে যায়।

কারখানাটির ইউটিলিটি ম্যানেজার সুলতান মাহমুদ বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা আজকের মধ্যেই শ্রমিকদের সব পাওনা পরিশোধ করবেন।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা এসে আজকেই শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া কারখানা এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত