রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ায় এক গণমাধ্যমকর্মীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার পর যে কোন সময়ে চোর ফ্ল্যাটের দরজা ভেঙে ৫ ভরির স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী গণমাধ্যমকর্মী মোহাম্মদ শাহযাদা দৈনিক ইত্তেফাকের গ্রাফিকস আর্ট ডিজাইনার। বৃহস্পতিবার ঈদের ছুটি নিয়ে সপরিবারে মাগুরার গ্রামের বাড়িতে যান। পরে বাড়ি পৌঁছানোর ঘণ্টাখানেক পর বাড়ির মালিকের ফোন পেয়ে তিনি শুক্রবার ফের রাজধানী মিরপুরের বাসায় ছুটে গিয়ে দেখতে পান, তার নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
ভুক্তভোগী শাহযাদা জানান, তিনি মধ্য পাইকপাড়ার ১৮৮/১ নম্বর বাড়ির নিচতলার ফ্ল্যাটে সপরিবারে থাকেন। বৃহস্পতিবার সকালে তিনি সপরিবারে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মালিক গোলাম জিলানী তার কাছে ফোন করে জানান যে তার ফ্ল্যাটের দরজা বাহির থেকে খোলা। দরজার হ্যাজবল ভেঙে ফেলেছে। ভেতরে বিভিন্ন কক্ষের সব জিনিসপত্র তছনছ করা হয়েছে। খবর পেয়ে তিনি শুক্রবার সন্ধ্যায় মাগুরা থেকে ঢাকায় পৌঁছান। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।
