পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীদের পানির তেষ্টা মেটাতে বসানো হয়েছিল অনেকগুলো টিউবওয়েল। তবে অভিযোগ উঠেছে হকাররা তাদের পানি বিক্রির জন্য এসব টিউবওয়েলের মাথা খুলে নিয়ে গেছে।
তীব্র গরমে বাধ্য হয়ে হকারদের কাছ থেকেই পানি কিনে খেতে হচ্ছে যাত্রীদের।
একই সঙ্গে গাড়ির দীর্ঘ সারি, ধীর গতিতে ভোগান্তি তীব্র হয়েছে যাত্রীদের।
ঈদের আগে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিলেও ভোগান্তি কমছে না পাটুরিয়ায়।
শনিবার সকাল থেকেই দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নেমেছে মানুষের ঢল। কর্তৃপক্ষ দাবি করছেন ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন প্রান্তে পড়ে থাকা ফিটনেসবিহীন বিকল যানবাহন ও বৈরী আবহাওয়ায় তীব্র স্রোত থাকায় ভোগান্তি বেড়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ফেরি ঘাট পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার সড়কজুড়ে যানবাহনের ধীর গতি দেখা গেছে।
শনিবার সকাল থেকে জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য ট্রাক পারাপার বন্ধ রয়েছে। ‘কাটাগাড়ি’র (লঞ্চ পারাপার) যাত্রীরা পাটুরিয়া ঘাট এলাকায় নেমে লঞ্চ ও ফেরিতে পার হচ্ছেন। এসব বাস ঘুরে আবার ঢাকায় যাওয়ার কারণে জট দেখা দিচ্ছে। এর কারণে দূরপাল্লার যানবাহন ৩-৪ ঘণ্টা অপেক্ষা করে তারপর ফেরিতে উঠতে পারছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, শনিবার বিকেল ৩টা পর্যন্ত তিন শ ব্যক্তিগত গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় আছে। আর দূরপাল্লার যানবাহন পাটুরিয়া ঘাটে তিন কিলোমিটার যানজটে রয়েছে।
তিনি জানান, শুক্রবার দিনভর বৃষ্টি থাকায় বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। শনিবার আবহাওয়া ভালো রয়েছে এবং বাকি সময় ভালো থাকলে খুব দ্রুত ঘাট এলাকা স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
বাসের যাত্রী ইমন বলেন, পাটুরিয়া এলাকায় প্রায় দুই ঘণ্টা বসে আছি। তীব্র যানজটে ও গরমে অতিষ্ঠ। স্থানীয় প্রশাসন আমাদের জন্য মহাসড়কের পাশে টিউবওয়েল স্থাপন করেছেন। কিন্তু সড়কের পাশের অস্থায়ী দোকানিরা তাদের বিক্রির সুবিধার্থে প্রায় টিউবওয়েলের মাথা খুলে রেখেছেন।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজমল হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহন ও যাত্রী পারাপারে তাদের ২০টি ফেরি রয়েছে। নদীতে তীব্র স্রোত থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক আছে। পাটুরিয়া ও আরিচা নৌরুটে মোট ৩৪টি লঞ্চ চলাচল করছে বলেও জানান ওই কর্মকর্তা।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, যাত্রীদের সুবিধার্থে পাটুরিয়া ঘাট এলাকায় রাস্তার পাশে ২০টি অস্থায়ী শৌচাগার নির্মাণ ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এখন সেই নলকূপের মাথা নিয়ে গেছে বিষয়টি আমাকে কেউ জানায়নি। বিষয়টি আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। তবে এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় সাধারণ মানুষ সবাইকে সচেতন না হলে কাজ করা সম্ভব হবে না।
